👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৯:২২ পিএম | অনলাইন সংস্করণ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সোমবার (১৩ এপ্রিল) গুরুত্বপূর্ণ এক একাডেমিক অনুষ্ঠানে যোগ দিতে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে যবিপ্রবির প্রাথমিক আবেদন জমাদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবিই প্রথমবারের মতো একসাথে ১৪টি বিভাগের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যাক্রেডিটেশনের আবেদন করতে যাচ্ছে। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. তানজিমুদ্দিন খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. নাসির উদ্দীন আহম্মেদ, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে যবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
✍️ প্রতিবেদক:
আফরিদা হোসেন আনিকা, যবিপ্রবি প্রতিনিধি

0 Comments