Ticker

6/recent/ticker-posts

রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থানে হামলার আশঙ্কা: সতর্কবার্তা ডিআইজির

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম | অনলাইন সংস্করণ




দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এ প্রেক্ষিতে রাজশাহীর সকল থানাকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহাজাহান, পিপিএম বার, পিএইচডি।

জানা গেছে, সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক স্মারকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করতে পারে। ঝুঁকিপূর্ণ স্থাপনার মধ্যে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ জনসমাগম হয় এমন স্থানগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি মোহাম্মদ শাহাজাহান গণমাধ্যমকে বলেন, “আমরা কোনো ধরনের তাৎক্ষণিক হুমকি দেখছি না। তবে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) সমূহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।”

তিনি আরও জানান, রাজশাহী রেঞ্জের সকল থানাকে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, “মাদক আমাদের যুব সমাজকে গ্রাস করছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরও জোরালো ভূমিকা প্রয়োজন। গণমাধ্যমকর্মীরা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমাদের কাজ করতে সুবিধা হয়। সবাই মিলে কাজ করলে যুব সমাজকে মাদক থেকে রক্ষা করা সম্ভব।”


✍️ প্রতিবেদন:

মোঃ গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮