👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে একই রাতে দুই ভাইয়ের গোয়ালঘর থেকে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বরিশাট নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারিরা হলেন মৃত আব্দুল জলিল বিশ্বাসের ছেলে মাহবুব বিশ্বাস ও তার ছোট ভাই খবির বিশ্বাস।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে গরুকে খাবার দিয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মাহবুব বিশ্বাস প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দেখেন তার গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরে থাকা ২টি গরু নেই। তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলে জানা যায়, তার ছোট ভাই খবির বিশ্বাসের গোয়ালঘর থেকেও ৩টি গরু ও ১টি ছাগল চুরি হয়েছে।
খবির বিশ্বাস জানান, চুরি হওয়া পশুগুলোর বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। অন্যদিকে মাহবুব বিশ্বাস জানান, তার গরু দুটির দাম প্রায় ২ লাখ টাকা। সামনে কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে অনেক ধার-দেনা করে তারা পশুগুলো লালন-পালন করছিলেন। সব হারিয়ে দুই খামারি এখন প্রায় নিঃস্ব।
এ ঘটনায় বরিশাটসহ আশপাশের গ্রামের খামারিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) অতিরিক্ত আতাউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।
✍️ প্রতিবেদন:
জিল্লুর রহমান সাগর
মাগুরা প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ