👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৫:৫৯ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শ্রীপুরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। আজ সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলা শুরুর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে এবং পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির। শ্রীপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাহিদ সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মহিলাদলের সভাপতি শাহানাজ ফেরদৌস হ্যাপি
সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এবারের মেলায় যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের সবজি ও ফলমূলের স্টল প্রদর্শন করা হয়েছে। মেলা প্রাঙ্গণ থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও সার্বিক কৃষি বিষয়ক নানা পরামর্শ প্রদান করা হচ্ছে।
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ