Ticker

6/recent/ticker-posts

পৈতৃক ভিটায় ঘর নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৪৯ পিএম | অনলাইন সংস্করণ



চট্টগ্রামের লোহাগাড়ায় পৈতৃক সম্পত্তিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। শনিবার (৩ মে ২০২৬) স্থানীয় একটি স্বনামধন্য রেস্টুরেন্টে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা এসব অভিযোগ তুলে ধরেন।


লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘদিন ধরে তারা নিজ পৈতৃক ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসলেও সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র তাদের জমিতে ঘর নির্মাণে বাধা সৃষ্টি করছে। অভিযোগ করা হয়, ওই চক্র ঘর নির্মাণ করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। দাবিকৃত টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়।


সংবাদ সম্মেলনে কয়েকজনকে অভিযুক্ত করে বলা হয়, তারা স্থানীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিবারটিকে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। এমনকি একাধিকবার শারীরিক হামলার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।


ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নামাজ আদায় করতে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয় এবং এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হয় এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।


এছাড়া ২২ ফেব্রুয়ারি সকালে আবারও হামলার চেষ্টা এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুরের হুমকি দেয় এবং তাদের জীবননাশের আশঙ্কা তৈরি হয়েছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।


সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নিজেদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


দাবিসমূহ:

সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের কাছে তিনটি দাবি জানানো হয়—

১. অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ।

২. মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ।

৩. ভুক্তভোগী পরিবার ও তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা।


ভুক্তভোগীরা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের জায়গায় বসবাস করতে চাই। প্রশাসনের নিকট আমাদের ন্যায়বিচার ও নিরাপত্তা কামনা করছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮