👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১০ মে ২০২৬, ০৯:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধা সদর উপজেলায় নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে জাফরুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (১০ মে) সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তি বিভিন্ন সরকারি দপ্তরে নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করতেন। তার নাম জাফরুল্লাহ (৫০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁ এলাকার বাসিন্দা এবং অছিম উদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে তিনি গাইবান্ধা জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসে গিয়ে কৌশিক নামে এক অডিটরের খোঁজ করেন এবং তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। পরে অফিসের বাইরে ডেকে নিয়ে মোবাইলে আরেক ব্যক্তির সঙ্গে কথা বলান, যিনি নিজেকেও দুদকের কর্মকর্তা বলে পরিচয় দেন।
মোবাইলে ওই ব্যক্তি কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন এবং বিষয়টি ‘সমাধান’ করতে জাফরুল্লাহর সঙ্গে কথা বলতে বলেন। এতে অফিস কর্মকর্তাদের সন্দেহ হলে জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি ভিন্ন ভিন্ন পরিচয় দিলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ডিউটি অফিসার এসআই সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কর্মকর্তা খন্দকার মাহাতাব আলী বলেন, বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ ও দুদক কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু,স্টাপ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ