👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”।
রবিবার (১০ মে) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বালিয়াডাঙ্গীর উদ্যোগে দিনব্যাপী এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সনজয় দেবনাথ, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ সাইমা নাসমিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ তামান্না ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লতিফুর রহমান ও কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গুলজার হোসেন।
বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ, উন্নতমানের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং জলবায়ু সহনশীল ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব। একইসঙ্গে কৃষকদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়।
কংগ্রেসে ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি কৌশল, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), মাটি পরীক্ষা এবং কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা করা হয়।
এসময় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ইউনিয়নভিত্তিক কৃষক তালিকা হালনাগাদের বিষয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অগ্রগতি মূল্যায়ন সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের আয়োজন স্থানীয় কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়াবে এবং বালিয়াডাঙ্গীর কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ