Ticker

6/recent/ticker-posts

মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল: বীজ ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:২৪ পিএম | অনলাইন সংস্করণ



মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশক এবং অননুমোদিত নিম্নমানের বীজ বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণার দায়ে ‘মেসার্স সাহা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আজ ০৯ জুন (২০২৬) মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বিনোদপুর বাজারের মেসার্স সাহা ট্রেডার্স নামক বীজ, কীটনাশক ও সারের দোকানে তদারকিকালে ভয়াবহ জালিয়াতি ও অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশকের আসল মেয়াদ মুছে ফেলে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের ভুয়া সিল মেরে তা কৃষকদের কাছে বিক্রি করছিল। এছাড়া ২৩০ টাকার কীটনাশকের দাম বাড়িয়ে জালিয়াতির মাধ্যমে ২৮০ টাকা লিখে রাখা হয়েছিল। একই সাথে বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ ও কীটনাশক এনে তারা নিজেরা সিল মেরে বিক্রি করছিল। অভিযান চলাকালে ভুক্তভোগী একাধিক কৃষক উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।

কৃষি ও কৃষকদের নিয়ে এমন ভয়াবহ জালিয়াতির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা জরিমানা করা হয় এবং দোকানটি ৭ দিনের জন্য সিলগালা (বন্ধ) করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব মো: শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

অভিযান চলাকালে বিনোদপুর বাজারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও মুদিলয় তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার ব্যাপারে সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে এই জালিয়াতি ও প্রতারণাবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

✍️ প্রতিবেদক:

জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮