Ticker

6/recent/ticker-posts

পীরগঞ্জে দুই সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, এলাকায় উদ্বেগ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:০৪ এএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুইজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি।


নিখোঁজদের একজন নারায়ণ রায় (১৩)। তিনি পীরগঞ্জ উপজেলার বনবাড়ি এলাকার সুমন রায় ও দীপ্তী রানীর ছেলে এবং পীরগঞ্জ সেন্ট্রাল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ জুন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।


নারায়ণ রায়ের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৭১৭-৭২৯৫৮৯ অথবা ০১৭২২-৪০৩১৯১ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


অপরদিকে, পীরগঞ্জ উপজেলার নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. ফেরদৌস হক সরকার বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিখোঁজ হন। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং শাহিরুল হক সরকারের ছেলে।


ফেরদৌস হক সরকারের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭২২-০২৬০৮২ অথবা ০১৭১৭-৩৫৫১৯২ নম্বরে যোগাযোগ করার জন্য স্বজনরা অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও তথ্য প্রচার করে সহযোগিতা কামনা করা হচ্ছে।


স্থানীয়দের মতে, স্বল্প সময়ের ব্যবধানে একই উপজেলার দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।


পরিবারের সদস্যরা জানান, তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং দ্রুত তদন্তের মাধ্যমে তাদের উদ্ধার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮