🔰প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নির্মাণাধীন রামমূর্তি ও সংশ্লিষ্ট স্থাপনা অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা।
বুধবার (২৫ জুন) সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বৃহৎ রামমূর্তি ও অন্যান্য স্থাপনাকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে নানা ধরনের আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি সামাজিক সম্প্রীতি ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করা হয়।
হেফাজতে ইসলামের নেতারা প্রকল্পটির অনুমোদন প্রক্রিয়া, অর্থায়নের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের দাবি জানান। একই সঙ্গে নির্মাণাধীন স্থাপনাগুলোর বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, দেশের শান্তি-শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
এ সময় সংগঠনের নেতারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি পর্যালোচনা করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ