👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৭:০৮ পিএম | অনলাইন সংস্করণ
প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের জনজীবন। বিশেষ করে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষকরা মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তীব্র রোদ ও গরম উপেক্ষা করেই তাদের চালিয়ে যেতে হচ্ছে মৌসুমি কৃষিকাজ।
সম্প্রতি বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা বোরো ধান কাটা, ধান শুকানো, ভুট্টা শুকানো এবং ভুট্টার ডাঁটা কাটার কাজে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে নারীরাও খোলা আকাশের নিচে বোরো ধান শুকানোর কাজে অংশ নিচ্ছেন। প্রচণ্ড গরমে এসব কাজ করতে গিয়ে তারা শারীরিকভাবে ক্লান্ত ও বিপর্যস্ত হয়ে পড়ছেন।
উপজেলার আমজানখোর ইউনিয়নের কৃষক দরবেশ আলী বলেন, “এই গরমে ধান কাটা নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। রোদের তাপে মাঠে কাজ করা খুবই কঠিন হয়ে গেছে।”
আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, “ভুট্টা শুকানোর কাজ করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে। তীব্র রোদে দীর্ঘ সময় মাঠে থাকতে হচ্ছে।”
কৃষক সালমান সানি বলেন, “ভুট্টা শুকানো ও বোরো ধান কাটার কাজ নিয়ে খুব কষ্টে দিন পার করছি। সব সময় আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়। হঠাৎ মেঘ দেখা দিলে তাড়াহুড়া করে ভুট্টা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে চলমান তীব্র গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে চাইছেন না। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের মতে, এ ধরনের গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান, বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ জরুরি। অনেকে শরীর ঠান্ডা রাখতে দইসহ বিভিন্ন শীতল খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।
তীব্র গরমের কারণে কৃষি কাজ ও স্বাভাবিক জনজীবনে যে চাপ সৃষ্টি হয়েছে, তা থেকে দ্রুত স্বস্তি পেতে বৃষ্টির অপেক্ষায় রয়েছেন ঠাকুরগাঁওয়ের মানুষ।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ