👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম | অনলাইন সংস্করণ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাছবোঝাই একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম গ্রামের বাসিন্দা ফাহিমা আক্তার (২৮) এবং তার তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলাম নিহত ফাহিমার স্বামী।
পুলিশ জানায়, নাজমুল ইসলাম স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের উত্তর গড়েয়া এলাকার এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন। পথে পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষের পর নাজমুল ইসলাম সড়কে ছিটকে পড়ে আহত হন। এ সময় ফাহিমা আক্তার ও তার শিশু সন্তান সড়কে পড়ে গেলে পিকআপটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ