👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম | অনলাইন সংস্করণ
শিক্ষার্থী ও তরুণদের মধ্যে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে রশিদ মন্ডল আদর্শ পাঠাগারের উদ্যোগে আয়োজন করা হয়েছে পাঠচক্র, কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ, পুরস্কার ও শিক্ষার্থীদের সম্মাননা উপহার প্রদান অনুষ্ঠান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় নাগেশ্বরী উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য— “জ্ঞানই শক্তি, পাঠেই মুক্তি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলাউদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার প্রধান অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক প্রধান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ গোলাম মোর্শেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ জামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ গোলাম রসুল রাজা। সভাপতিত্ব করেন নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক জনাব কে এম আনিসুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রশিদ মন্ডল ফাউন্ডেশন, নাগেশ্বরীর চেয়ারম্যান জনাব মোঃ মিজানুর রহমান মিজান।
আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়। কুইজ ও বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার ও সম্মাননা উপহার প্রদান করা হয়। এছাড়া মানবিক কার্যক্রমের অংশ হিসেবে হুইলচেয়ার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলা, জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মিনারুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন, নাগেশ্বরী এবং রশিদ মন্ডল স্পোর্টস ক্লাব, নাগেশ্বরী।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস, সৃজনশীল চিন্তাভাবনা, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
✍️ প্রতিবেদক:
আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি:


0 মন্তব্যসমূহ