ধারা টিভি নিউজ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম | অনলাইন সংস্করণ
ঐক্য, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গোলজার হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বক্তারা গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয়তাবাদী আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বক্তারা বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান থেকে সংগ্রাম, ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার পথে জাতীয়তাবাদী মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
প্রতিবেদক:
মো. আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
ধারা টিভি নিউজ

0 মন্তব্যসমূহ