ধারা টিভি নিউজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোসাইছাপুর গ্রামে সালেহা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী তারিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভাতের ওপর ইঁদুর পড়াকে কেন্দ্র করে তারিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রী সালেহা খাতুনের ঝগড়া হয়। গভীর রাত (আনুমানিক রাত ৩ টা) পর্যন্ত তারিকুল মোবাইল ফোনে ব্যস্ত থাকলে স্ত্রী পুনরায় প্রতিবাদ জানান। একপর্যায়ে উত্তেজিত হয়ে তারিকুল মোবাইল ফোনটি ভেঙে ফেলেন এবং পরে তারা ঘুমিয়ে পড়েন।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৫:০০ টার দিকে তারিকুল ঘুম থেকে উঠে স্ত্রীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সালেহা খাতুনের লাশ ঝুলতে দেখা যায়।
নিহতের ভাই সোলাইমান অভিযোগ করে বলেন, "আমার বোনকে হত্যা করে আমগাছে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃত্যুটি কোনোভাবেই স্বাভাবিক আত্মহত্যা হতে পারে না।" স্থানীয়দের অভিযোগ, তারিকুল দীর্ঘদিন ধরে নানা বাহানায় সালেহার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন এবং তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তারিকুলকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলী মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর
মাগুরা প্রতিনিধি

0 মন্তব্যসমূহ