Ticker

6/recent/ticker-posts

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম | অনলাইন সংস্করণ‎


জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের ওপর এক অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।


বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে উপজেলার কেচের মোড়ের পশ্চিম পাশে রেলগেট সংলগ্ন রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় রেললাইনের ওপর ও আশপাশে পড়ে ছিল। দুই পা-ও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়।


স্থানীয়রা জানান,নিহত ব্যক্তির পরনে সবুজ রঙের প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।


স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চান মিয়া বলেন, সকালে তিনি ওই ব্যক্তিকে বোতল থেকে পানি পান করতে দেখেছেন। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, তিনি শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভুগতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ছিল।


এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে তদন্ত করবে। তদন্ত ও মরদেহ উদ্ধারের পর নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তিনি রেললাইনে এলেন এবং ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।


✍️ প্রতিবেদক:
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮