👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
![]() |
| সংগৃহীত ছবি |
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রকল্প বাজার এলাকায় গেলে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল আলমসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। সংঘর্ষের সময় এনসিপি সমর্থকদের ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে। পাশাপাশি স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেন, তিনি নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে গেলে আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতা-কর্মী তাঁর ওপর হামলা চালান। হামলার প্রতিবাদে তিনি সড়কে অবস্থান নেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে চানন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল মাহবুব দাবি করেন, হান্নান মাসউদ লাঠিসোঁটা হাতে দলীয় কর্মীদের নিয়ে এলাকায় প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
ঘটনাস্থলে থাকা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়েছে। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, সংসদ সদস্যের নিরাপত্তা নিশ্চিত করতে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও একজন সহকারী পুলিশ সুপারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

0 Comments