মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। এসময় তারা সর্বস্তরে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণ মানুষ বলেন, শুধু একটি দিন ফুল দিয়ে দায়িত্ব শেষ করলে হবে না; বরং প্রতিদিন, প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার চর্চা ও ব্যবহার নিশ্চিত করতে হবে।
তাদের মতে, এখনও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা ভাষা উপেক্ষিত হচ্ছে। বড় বড় হোটেল-রেস্তোরাঁর সাইনবোর্ড ইংরেজিতে লেখা, এমনকি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও বাংলার অগ্রাধিকার নেই। দেশের সর্বোচ্চ আদালতসহ সব দপ্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবি জানান তারা।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবু সাদাত বলেন, “আমাদের ইংরেজিতে দক্ষ হতে হবে, তবে বাংলাকে বাদ দিয়ে নয়। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া জরুরি।”
আরেক শিক্ষক আরিফুর রহমান বলেন, “আজ আমরা শ্রদ্ধা জানাতে এসেছি, কিন্তু সমাজের সর্বস্তরে কি বাংলা যথাযথ গুরুত্ব পাচ্ছে? শুধু শ্রদ্ধা জানালেই হবে না, বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।”
শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিরা আরও বলেন, ভিনদেশি সংস্কৃতির প্রভাবের মাঝে আমাদের নিজস্ব গ্রামবাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মাতৃভাষার জন্য যে ত্যাগ স্বীকার করা হয়েছে, তা স্মরণ রেখে বাংলা ভাষাকে সর্বত্র প্রতিষ্ঠিত করতে সরকারসহ সকল মহলের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তাদের মতে, বাংলা ভাষা ও সংস্কৃতি সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেই ভাষা শহীদদের আত্মত্যাগ সত্যিকার অর্থে স্বার্থক হবে।

0 Comments