Ticker

6/recent/ticker-posts

পানছড়িতে বিজিবির ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প, উপকৃত ৩৯ পাহাড়ি বাসিন্দা

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম | অনলাইন সংস্করণ

ধারা টিভি নিউজ |গ্রাফিক্স 

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ পানছড়িতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের লক্ষ্যে আয়োজিত এক ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৩৯ জন অসহায় পাহাড়ি নারী, পুরুষ ও শিশু। স্থানীয়দের মতে, দুর্গম এলাকায় এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় ধরনের স্বস্তি ও আশার বার্তা নিয়ে এসেছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর আওতাধীন বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় এ ক্যাম্প পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি সরাসরি উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা প্রদান করেন। শিশু, নারী ও প্রবীণদের বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
চিকিৎসা নিতে আসা অনেক বাসিন্দা জানান, পাহাড়ি পথের দুর্ভোগ ও আর্থিক সংকটের কারণে নিয়মিত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে ছোটখাটো অসুখও অনেক সময় বড় সমস্যায় রূপ নেয়। বিজিবির এ উদ্যোগ তাদের সেই সংকট কিছুটা লাঘব করেছে। স্থানীয়দের মতে, এমন মানবিক সহায়তা অব্যাহত থাকলে দুর্গম অঞ্চলের মানুষ আরও উপকৃত হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও বাহিনী নিয়মিতভাবে অংশ নিচ্ছে। পানছড়ির এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও জোরদার হয়েছে। পাহাড়ে শান্তি ও মানবিক সহায়তার বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মো. মামুন হাসান
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮