👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম | অনলাইন সংস্করণ
![]() |
| ধারা টিভি নিউজ | গ্রাফিক্স |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয় পাওয়ার পর সংরক্ষিত নারী আসন বণ্টন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেতরে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে দলটি আনুপাতিক হিসেবে সম্ভাব্য ১১ থেকে ১২টি আসন পেতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এই আসনগুলোতে কারা মনোনয়ন পাবেন, তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে প্রাথমিক তালিকা প্রণয়নের কাজ চলছে। আলোচনায় রয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীসহ কয়েকজন শীর্ষ নেতার স্ত্রী ও কেন্দ্রীয় মহিলা নেত্রীরা।
দলীয় সূত্র বলছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় অগ্রাধিকার পেতে পারেন আমিরের স্ত্রী আমেনা বেগম, যিনি পূর্বেও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের স্ত্রী হাবিবা রহমান এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দের স্ত্রীর নামও আলোচনায় রয়েছে। একই সঙ্গে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় নেত্রী ফাতেমা আক্তার হ্যাপি, ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, সাবেকুন্নাহার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজের নাম সম্ভাব্য তালিকায় ঘুরে ফিরছে।
জামায়াতের নীতিনির্ধারকরা জানিয়েছেন, যেসব অঞ্চল থেকে দলীয় প্রার্থী সরাসরি নির্বাচিত হননি, সেসব এলাকার প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং ভৌগোলিক ভারসাম্য বিবেচনায় রেখে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পরিকল্পনা রয়েছে। মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা জানিয়েছেন, সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা ইতোমধ্যে দলের আমিরের কাছে জমা দেওয়া হয়েছে। তা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে সংরক্ষিত আসনের সংখ্যা বাড়ানো নিয়েও আলোচনা চলছে। দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া এগোবে। ‘জুলাই সনদ’ অনুযায়ী সংরক্ষিত নারী আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার একটি প্রস্তাব রয়েছে। সে প্রস্তাব কার্যকর হলে দলটির আসনসংখ্যাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান কাঠামো বহাল থাকলে সম্ভাব্য ১১-১২টি আসন ধরেই চূড়ান্ত মনোনয়ন নির্ধারণ করা হবে।
মোঃ আবু সুফিয়ান বাবু,
ঠাকুরগাঁও প্রতিনিধি:

0 Comments