Ticker

6/recent/ticker-posts

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কিশোর সোহান নিহত, মরদেহ দেশে পৌঁছেছে

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম | অনলাইন সংস্করণ





দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকন মাটি গ্রামের কিশোর মোহাম্মদ সোহান (১৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৫টায় তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হচ্ছে। তার মরদেহ পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে কেতলেহং এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সোহান। তিনি সেখানে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সোহানের মরদেহ দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশিরা মানবিক উদ্যোগ নেন। কুমিল্লা কমিটির তত্ত্বাবধানে প্রায় ৯৮ হাজার ৫০০ রেন্ড সংগ্রহ করা হয়। এর মধ্যে কফিন বাবদ ৫৫ হাজার রেন্ড ব্যয় করা হয় এবং অবশিষ্ট ৪৩ হাজার ৫০০ রেন্ড (প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা) সোহানের বাবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

এই উদ্যোগে সহযোগিতা করেন আব্দুল খালেক (কুমিল্লা কমিটি), আলমগীর (ডারবান), শাহীন (কেপটাউন), মহিন (বংস্ট্রিট), কালাম (পামব্রিজ), জুলি (বেলকম), রাসেল মিয়া, দানেস আলী, রবিউল ইসলাম, বাসেদ আলীসহ আরও অনেকে।

এলাকাবাসী জানান, সোহান অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে অল্প বয়সেই তিনি বিদেশে পাড়ি জমান। কিন্তু নির্মমভাবে তার সেই স্বপ্ন থেমে গেল।

পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। একই সঙ্গে স্থানীয়রা সোহানের আত্মার মাগফিরাত কামনা করেছেন।


✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮