👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ জেলা শহরের বহুল প্রতীক্ষিত চার লেন সড়ক প্রশস্তকরণ প্রকল্প বৈদ্যুতিক খুঁটি অপসারণে ধীরগতির কারণে স্থবির হয়ে পড়েছে। রাস্তার মাঝখানে থাকা শত শত বৈদ্যুতিক খুঁটির কারণে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্মাণকাজ ব্যাহত হচ্ছে, ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) প্রায় ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতির কারণে এখনো কাজ সম্পূর্ণ হয়নি।
সরেজমিনে দেখা যায়, শহরের হাসন তোরণ থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত এলাকায় চার লেন প্রকল্পের কাজ চললেও সড়কের মাঝখানেই রয়ে গেছে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের খুঁটি। ফলে সওজ বিভাগ মূল নির্মাণকাজ ও কার্পেটিং শুরু করতে পারছে না। স্থানীয়দের অভিযোগ, খুঁটি অপসারণে দেরির কারণে সড়ক সরু হয়ে যানজট বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বর্ষার আগে কাজ শেষ হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশরাফুল হামিদ বলেন, “রাস্তার মাঝখান থেকে খুঁটি অপসারণের জন্য আমরা পিডিবিকে ৯ কোটি ৫৯ লাখ টাকা পরিশোধ করেছি। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ধীরগতির কারণে আমরা নির্ধারিত গতিতে কাজ করতে পারছি না। খুঁটি না সরার কারণেই সড়ক নির্মাণকাজ ব্যাহত হচ্ছে।”
অন্যদিকে, খুঁটি অপসারণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার ওমর ফারুক বলেন, “সড়কের পূর্ব পাশে বালু ভরাট না থাকা এবং পানির সমস্যার কারণে কাজ কিছুটা ধীরগতির ছিল। তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে, দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করছি আগামী দুই মাসের মধ্যে সব খুঁটি অপসারণ করা সম্ভব হবে।”
এ বিষয়ে সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাসেল আহমেদ জানান, প্রকল্পের আওতায় ৩৩ কেভি, ১১/৪ কেভি ও ০.৪ কেভি লাইনের কাজ দুইটি লটে ভাগ করে করা হচ্ছে এবং ইতোমধ্যে ৫৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “প্রতিটি খুঁটি অপসারণের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়। জনগণের ভোগান্তি কমানো এবং জরুরি সেবা সচল রাখার বিষয়টি সমন্বয় করতে গিয়ে কিছুটা সময় লাগছে। তবে দ্রুতই কাজ সম্পন্ন হবে।”
এদিকে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, কোটি কোটি টাকা ব্যয় করার পরও সামান্য খুঁটি অপসারণে দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয়। দ্রুত সমন্বয়ের মাধ্যমে কাজ শেষ করে জনগণের দুর্ভোগ কমানোর দাবি জানান তারা।
সুনামগঞ্জবাসীর প্রত্যাশা, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বর্ষার আগেই চার লেন সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে।
✍️ প্রতিবেদক:
মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

0 Comments