👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ এএম | অনলাইন সংস্করণ
পঞ্চগড়ে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড় জেলা পুলিশের গোয়েন্দা শাখা ২০ এপ্রিল গভীর রাতে গোপন তথ্য পায় যে, একটি ডাকাত দল মহাসড়ক এলাকায় প্রবেশ করেছে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ভোররাতে অভিযান চালিয়ে সদর উপজেলার দশমাইল এলাকায় একটি মাইক্রোবাস থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করে এবং তাদের সহযোগীদের অবস্থানের তথ্য দেয়। পরবর্তীতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে সকাল পর্যন্ত আরও ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতমেড়া ইউনিয়নের একটি স্থানে অভিযান চালিয়ে বালুর নিচে লুকিয়ে রাখা দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিনিসের মধ্যে ধারালো ছুরি, কাটার মেশিন, হ্যাক্স ব্লেড, প্লাস, রশি, টর্চলাইটসহ বিভিন্ন সরঞ্জাম রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলার বিভিন্ন স্থানে পূর্বে সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
✍️ প্রতিবেদক: পঞ্চগড় প্রতিনিধি:

0 Comments