👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে ডিজেল মজুত ও রাতের আঁধারে বিক্রির অভিযোগে মেসার্স এস আর এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত ১৩০ লিটার ডিজেল কৃষকদের মাঝে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দর্শনা পুরাতন বাজার এলাকায় মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিম উদ্দীন শান্ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল একটি ট্রাক্টর চালকের কাছে বিক্রির চেষ্টা করেন। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে দর্শনা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিজেলসহ ট্রাক্টর ও চালককে আটক করে। পরে বিষয়টি দামুড়হুদা উপজেলা প্রশাসনকে জানানো হয়।
রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন আলম। তিনি পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল মজুত ও বিপণনের অপরাধে ব্যবসায়ী সেলিম উদ্দীন শান্তকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দোকানে মজুত থাকা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
পরবর্তীতে বুধবার (১৫ এপ্রিল) সকালে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ বিআর (চালান)-এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
অন্যদিকে, আটক ট্রাক্টর চালকের কাছে উপজেলা কৃষি অফিসের বৈধ ফুয়েল কার্ড থাকায় এবং তিনি কেবল ক্রেতা হিসেবে জড়িত থাকায় মানবিক ও আইনগত দিক বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন আলম বলেন, “জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুতদারি রোধে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
অভিযানে দর্শনা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে। গভীর রাতে প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
✍️ প্রতিবেদক:
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

0 Comments