Ticker

6/recent/ticker-posts

যবিপ্রবি উপাচার্যের যোগদান: ফুল নয় বরং দোয়া চাইলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম | অনলাইন সংস্করণ




যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পঞ্চম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবির। যোগদানের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলে তিনি তা গ্রহণ না করে সবার কাছে দোয়া চান।

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজ কার্যালয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

যোগদানের আনুষ্ঠানিকতার আগে অধ্যাপক ড. ইয়ারুল কবির বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রয়াত ব্যক্তিত্বদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, রেজিস্ট্রার কাজী মো. জালালুদ্দিন, বিভিন্ন ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

নিজ বক্তব্যে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, “যবিপ্রবি শিক্ষা ও গবেষণায় অনেক এগিয়ে আছে। এই অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে। অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব পেলেও যবিপ্রবি ছিল আমার প্রথম পছন্দ।”

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

যোগদানের পর তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে একটি নিম গাছ রোপণ করেন।

অধ্যাপক ড. ইয়ারুল কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে এপ্লাইড বায়োলজিকাল কেমিস্ট্রি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। দীর্ঘ চার দশকের বেশি সময় তিনি শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কুয়েত বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশে শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা অর্জন করেছেন।


✍️ প্রতিবেদক:

আফরিদা হোসেন আনিকা, যবিপ্রবি প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮