Ticker

6/recent/ticker-posts

জাউয়াবাজারে বুকী নদী পরিদর্শন: দখল-দূষণ রোধে কঠোর অবস্থান জাতীয় নদী রক্ষা কমিশনের

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম | অনলাইন সংস্করণ




সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় অবস্থিত বুকী নদী, যা সুরমা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা, পরিদর্শন করেছে জাতীয় নদী রক্ষা কমিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। নদীর বর্তমান অবস্থা, দখল ও দূষণের বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করা হয় এ সময়।

গত ১২ এপ্রিল সোমবার সকাল ১১টায় জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক (উপসচিব) খোকন কান্তি শাহা’র নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোম্যাসি চাকমা, কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) মোঃ আশরাফুল হক এবং ছাতকে দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নাহিদ ইসলাম।

পরিদর্শনকালে প্রতিনিধিদল বুকী নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নদীর স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা, অবৈধ দখল, ময়লা-আবর্জনা ফেলা ও পরিবেশ দূষণের চিত্র পর্যবেক্ষণ করেন। বিশেষ করে জাউয়াবাজার সংলগ্ন নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট, স্থাপনা এবং অপরিকল্পিত বর্জ্য ফেলার বিষয়টি তাদের নজরে আসে।

এ সময় কর্মকর্তারা বাজার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি নদীর তীরে অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়।

পরিদর্শনকালে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা। জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মিয়াকে নদী দখলমুক্ত রাখা, বাজার এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়।

জাতীয় নদী রক্ষা কমিশনের পরিচালক খোকন কান্তি শাহা বলেন, “নদী দখল ও দূষণ রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পরিদর্শন শেষে প্রতিনিধিদল নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত মনিটরিং এবং আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


✍️ প্রতিবেদক:

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮