Ticker

6/recent/ticker-posts

রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে চুয়াডাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পিএম | অনলাইন সংস্করণ




নতুন সূর্যের আবাহনে বাঙালির হৃদয়ে বেজে উঠেছে নতুন বছরের জয়গান। পুরনো বছরের গ্লানি ও জীর্ণতা পেছনে ফেলে আনন্দ-উৎসবে মেতে উঠেছে চুয়াডাঙ্গা। জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বৈশাখী মেলা, পান্তা-ইলিশ এবং বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয় বাঙালির এই চিরায়ত উৎসবে। পহেলা বৈশাখ শুধু নতুন বছরের সূচনা নয়, এটি বাঙালির নিজস্ব অস্তিত্ব ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ” গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সকাল সোয়া ৮টায় চাঁদমারি মাঠ থেকে সরকারি কলেজের উদ্দেশ্যে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কোর্টমোড়, শহীদ হাসান চত্বর, পৌরসভা মোড় ও কবরী রোড হয়ে সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

এ শোভাযাত্রায় জেলার মোট ৫১টি সংগঠন অংশগ্রহণ করে। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সী আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-1 আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। বক্তব্যে তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। হারিয়ে যেতে বসা গ্রামীণ সংস্কৃতি ও খেলাধুলা যেমন লাঠিখেলা, হাডুডু ইত্যাদি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে বাঙালির ঐতিহ্য টিকে থাকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি.এম. তারিক উজ জামান, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার আবদুল্লাহ আল নাঈম, সহকারী কমিশনার আশফাকুর রহমান, সহকারী কমিশনার মির্জা শহীদুল, এবি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার মানুষ নতুন বছরকে স্বাগত জানায় আনন্দ ও প্রত্যাশার নতুন আলোয়।


✍️ প্রতিবেদক:

মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮