👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম | অনলাইন সংস্করণ
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দীর্ঘদিন ধরে চারটি গুরুত্বপূর্ণ সরকারি পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ বেড়েছে। তবে এ পরিস্থিতির মধ্যেও থেমে নেই উপজেলা প্রশাসনের কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় একাই পুরো উপজেলার দায়িত্ব সামলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার কর্মদক্ষতা, সততা ও কঠোর অবস্থানের কারণে ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে বাহুবল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে এসব দপ্তরের নিয়মিত কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত চাপ পড়েছে ইউএনও’র ওপর।
গত ১৫ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও উজ্জ্বল রায় দিন-রাত পরিশ্রম করে প্রশাসনিক কার্যক্রম সচল রেখেছেন। পাশাপাশি তিনি উন্নয়নমূলক কাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন।
বিশেষ করে মাটি কাটা, বালু উত্তোলনসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। নিয়মিত অভিযান পরিচালনা করে মাটি খেকো ও বালুখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এসব অবৈধ কার্যক্রম অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এছাড়া ভূমি সংক্রান্ত সেবা প্রদান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি তদারকি এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নেও তিনি সরাসরি নজরদারি করছেন। কর্মকর্তা সংকট থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যক্রম সচল রাখতে তার এ উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানান, “একাই এতগুলো দায়িত্ব সামলানো সহজ নয়। তারপরও ইউএনও সাহেব যেভাবে কাজ করছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তার কঠোর অবস্থানের কারণে অনেক অনিয়ম বন্ধ হয়েছে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শূন্য পদগুলোতে দ্রুত কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন কর্মকর্তারা যোগদান করলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সার্বিকভাবে কর্মকর্তা সংকটের মধ্যেও বাহুবল উপজেলায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও উজ্জ্বল রায়ের ভূমিকা ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।
✍️ প্রতিবেদক:
রিয়াদ হাসান, হবিগঞ্জ প্রতিনিধি

0 Comments