Ticker

6/recent/ticker-posts

আগামীকাল শুরু এসএসসি পরীক্ষা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম | অনলাইন সংস্করণ




২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন শিক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে এবং ৭ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হবে।

পরীক্ষাকে ঘিরে ইতোমধ্যে সারা দেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষা বোর্ড গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জরুরি নির্দেশনা জারি করেছে। সারা দেশের ৩ হাজার ২০৯টি পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে, যাতে পরীক্ষা চলাকালে অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, অনেক কেন্দ্রেই আগে থেকেই সিসি ক্যামেরা ব্যবস্থাপনা ছিল। নতুন কেন্দ্রগুলোতেও সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রস্তুত করা হয়েছে।

দেশের ৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এমন এক সময়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যখন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা পরিচালনা নীতিমালা এবং পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০-এ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নকল প্রতিরোধ নয়, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে কিছু শিক্ষা বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত নজরদারি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, সিসি ক্যামেরা ও কঠোর নির্দেশনার কারণে অনেক শিক্ষার্থী মানসিক চাপ অনুভব করছে, যা পরীক্ষার ওপর প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা সুন্দর ও স্বাভাবিক পরিবেশে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে এবং সঠিকভাবে পাঠদান নিশ্চিত হলে শিক্ষার্থীদের ফলাফলও উন্নত হবে।


ডেক্স রিপোর্ট | ধারা টিভি নিউজ

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮