👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর বাউফলে কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাউফলের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মো. আমানুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. রায়হান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাইয়ূম হোসেন এবং উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবুজ।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, পার্টনার ফিল্ড স্কুলের সদস্য এবং বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক, টেকসই ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন এবং সেগুলোর কার্যকর বাজারজাতকরণে এই প্রকল্প তৃণমূল পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা অংশ নেন এবং সফল কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অন্যদের উদ্বুদ্ধ করেন।
উল্লেখ্য, World Bank এবং IFAD-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো প্রথাগত কৃষি থেকে বাণিজ্যিক ও উচ্চমূল্যের আধুনিক কৃষিতে রূপান্তর, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাও এর অন্যতম উদ্দেশ্য।
আয়োজক সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তাদের সরাসরি উপকৃত করার লক্ষ্যেই এই ফিল্ড স্কুল কংগ্রেস সফলভাবে সম্পন্ন হয়েছে।
✍️ প্রতিবেদক:
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

0 Comments