👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলার একমাত্র শিল্প প্রতিষ্ঠান ‘স্টাইলস্মিথ সান অ্যাপারেলস লিমিটেড’-এর মালিক পক্ষকে নিয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক পক্ষ ও স্থানীয় এলাকাবাসী।
জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এক গৃহবধূকে গভীর রাতে নিজ বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠান। এ ঘটনার পর স্থানীয় একটি মহল শিল্প প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে দায়ী করে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের জড়িত থাকার অভিযোগ তুলে প্রচার চালায়।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয়দের পক্ষে হাসানুজ্জামান ইদ্রীস আলী গণমাধ্যমকে জানান, এটি মাগুরার অন্যতম সুনামধন্য একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ। তিনি দাবি করেন, পারিবারিক কলহের জেরে আহত নারীর স্বামী হুমায়ুন মোল্লা তাকে মারধর করে গুরুতর আহত করেছেন। কিন্তু স্থানীয় সামাজিক ও রাজনৈতিক বিরোধের কারণে একটি পক্ষ এ ঘটনার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আহত নারী শারমিন খাতুনের স্বামী হুমায়ুন মোল্লা নিয়মিত নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। ঘটনার দিনও তিনি নেশাগ্রস্ত ছিলেন এবং স্বামী-স্ত্রীর কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে কুপিয়ে আহত করেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার দায় স্থানীয়ভাবে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে আমতৈল গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে আমতৈল গ্রামে অবস্থিত ‘সান অ্যাপারেলস লিমিটেড’ নামের শ্রীপুরের একমাত্র শিল্প প্রতিষ্ঠানটি বন্ধের চেষ্টা করছে একটি কুচক্রী মহল। তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের অংশ হিসেবেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
✍️ প্রতিবেদন:
মাগুরা প্রতিনিধি

0 মন্তব্যসমূহ