👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ এএম | অনলাইন সংস্করণ
সংযুক্ত আরব আমিরাতের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের নতুন চাঁদ দেখা গেছে। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) দিনের উজ্জ্বল আলো থাকা অবস্থাতেই চাঁদটি পর্যবেক্ষণ করা সম্ভব হয়, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী শনিবার সকাল ১০টার দিকে আমিরাতের আকাশে জিলকদের চাঁদের ছবি ধারণ করা হয়। ওই সময় চাঁদ সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল এবং এর বয়স ছিল প্রায় ১৬ দশমিক ৫ ঘণ্টা।
চাঁদটির ছবি তুলতে অংশ নেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা, মানমন্দির দলের সদস্য খালাফান আল-নাইমি, ওসামা ঘানেম এবং আনাস মুহাম্মদ।
চাঁদ দেখার এই তথ্যের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন পবিত্র জিলহজ মাস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখও পূর্বাভাস দিয়েছেন। তাদের গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৬ মে (মঙ্গলবার) পবিত্র আরাফার দিন এবং ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হতে পারে।
তবে জ্যোতির্বিদদের এ পূর্বাভাস হলেও ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে সরকারিভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।
✍️ প্রতিবেদক:
ধারা টিভি ডেস্ক রিপোর্ট

0 Comments