👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পিএম | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি থামিয়ে দুর্ধর্ষ ছিনতাই ও দস্যুতা মামলার প্রধান আসামি মো. সুহেল মিয়া ওরফে রুহেল মিয়াকে (২৪) ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ এলাকায় র্যাব-৯ এবং র্যাব-১০ এর একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
ঘটনার প্রেক্ষাপট
র্যাব জানায়, গত ১১ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শ্রীমঙ্গল থানাধীন কালীঘাট ও লাখাই চা বাগানের মধ্যবর্তী স্থানে এক দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভিকটিম মো. ইমন আহমেদ তার পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিযোগে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার সময় অজ্ঞাত তিন ব্যক্তি রাস্তায় পাইপ ফেলে তাদের গতিরোধ করে। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা ০৪টি মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।ছিনতাইকারীদের বর্ণনায় একজনের কপালের বাম পাশে টিউমার থাকার কথা জানালে স্থানীয়রা তাকে চিহ্নিত দস্যু 'সুহেল মিয়া' হিসেবে শনাক্ত করেন। এই ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা (মামলা নং-১৩, তারিখ-১২/০৪/২০২৬) দায়ের করা হয়। শ্রীমঙ্গল থানায় মামলা হওয়ার পর পরই র্যাব-৯ যৌথ অভিযানে ছায়া তদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬:১৫ মিনিটে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন নিশানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সুহেল মিয়া ওরুফে রুয়েল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুয়েল মিয়া শ্রীমঙ্গল থানার শংকরসেনা এলাকার ছুফি মিয়ার ছেলে। র্যাবের তথ্যমতে, অপরাধী, সুহেল মিয়া ওরুফে রুয়েল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ আরও ০৮টি মামলার এজাহার রয়েছে এবং সে একাধিক ওয়ারেন্টের পলাতক আসামি।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। অপরাধ দমনে র্যাবের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
✍️ প্রতিবেদক:
অন্তর মিয়া

0 মন্তব্যসমূহ