👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:২২ পিএম | অনলাইন সংস্করণ
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে ৩য় দিনে হতদরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ মোকাবেলার উপায় এবং শিশু পুষ্টি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. জুলি চৌধুরী ও মেডিকেল অফিসার ডা. আল ইয়াসিন শুভ নিলয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, ক্যাশিয়ার শিকদার মাসুম বিল্লাহ, পরিসংখ্যানবিদ শামীম আল-রশিদ, ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় হতদরিদ্র মানুষ।
আলোচনা শেষে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১০ জন হতদরিদ্র মানুষের হাতে পুষ্টিসমৃদ্ধ ফুড বাস্কেট তুলে দেওয়া হয়। প্রতিটি বাস্কেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম তরল দুধ, আধা কেজি টমেটো, ১ হালি কাঁচা কলা, আধা কেজি পেয়ারা ও ১ কেজি লবণ।
আয়োজকরা জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর,
মাগুরা প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ