👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰 প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ এএম | অনলাইন সংস্করণ
আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।
এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল উপহার দিচ্ছেন শ্রীপুর উপজেলা বিআরডিবি অফিসার ও তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন।
সোমবার (১৯ এপ্রিল) রাতে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামসহ কল্যানপুর ও কচুয়া এলাকার কয়েকজন দাখিল পরীক্ষার্থীর বাড়িতে হঠাৎ উপস্থিত হন তিনি। সেখানে প্রায় প্রত্যেকের বাড়িতেই আধা ঘণ্টাব্যাপী তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে কীভাবে ভালো ফলাফল করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও পেনসিল উপহার হিসেবে তুলে দেন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করে সন্তানদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে খোঁজ নেন।
এই সময় তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন।
মাদ্রাসার সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, “আমি চেষ্টা করছি পরীক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নিতে। সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করি, এতে তারা পড়াশোনায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হবে।”
তখলপুর হাতেম আলী মিয়া দাখিল মাদ্রাসার সভাপতি এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা । তারা মনে করছেন, এ ধরনের ব্যক্তিগত তদারকি ও উৎসাহ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেবে।
প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:

0 Comments