Ticker

6/recent/ticker-posts

হবিগঞ্জ বাহুবলের পূর্ব জয়পুরে ‘এক্টিভ বয়েজ ক্লাব’-এর নামে মব সৃষ্টির অভিযোগ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম | অনলাইন সংস্করণ



হবিগঞ্জ প্রতিনিধি:

 হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর এলাকায় ‘এক্টিভ বয়েজ ক্লাব’-এর নাম ব্যবহার করে একটি চক্রের বিরুদ্ধে মব সৃষ্টি ও হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে পূর্ব জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ক্লাবের সভাপতি শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক কাদির মিয়ার নেতৃত্বে একদল লোক স্থানীয় বাসিন্দা টেনু মিয়ার বাড়িতে জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে তারা ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।


ভুক্তভোগী টেনু মিয়া জানান, পূর্বের বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এতে তার ঘরের বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবার বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে, ‘এক্টিভ বয়েজ ক্লাব’-এর নাম ভাঙিয়ে একটি সংঘবদ্ধ গ্রুপ এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন ঘটনায় দলবদ্ধভাবে জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে। সাম্প্রতিক সময়ে এমন ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, “ক্লাবের নাম ব্যবহার করে কিছু যুবক নিজেদের প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে।”

এদিকে সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।


এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।


 তারা আশা করছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবে। 

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮