Ticker

6/recent/ticker-posts

হিজবুল্লাহর রকেট হামলা, গাজায় নতুন করে প্রাণহানি

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন 
🔰 প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম | অনলাইন সংস্করণ




লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর হাইফা-এর ক্রায়োট উপকণ্ঠে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবানন থেকে ছোড়া কিছু রকেট আকাশেই প্রতিরোধ করা হয়েছে এবং বাকি রকেটগুলো খোলা এলাকায় আঘাত হানে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উত্তর সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এ হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

অন্যদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্র ও ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় আবু তামাম স্কুলের কাছে ইসরায়েলি ড্রোন হামলায় দুই ভাই নিহত হন। এ হামলাকে গত অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েল নতুন করে হামলা জোরদার করেছে। বেইত লাহিয়ার পাশাপাশি গাজা সিটির টানেল স্ট্রিট এলাকায় একটি গাড়িতে হামলার ঘটনায় আহত এক ফিলিস্তিনি পরে মারা যান।

এছাড়া মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরর পূর্ব দিকে অবস্থান নেওয়া ইসরায়েলি সামরিক যান থেকে সালাহ আল-দিন সড়ক লক্ষ্য করে গুলি ছোড়া হলে অন্তত চারজন আহত হন।

সাম্প্রতিক এসব ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডেক্স রিপোর্ট, ধারা টিভি নিউজ পোর্টাল 

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮