👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে বাড়ির আঙিনায় থাকা একটি আবর্জনার গর্তের পানিতে ডুবে মাহিন (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির আঙিনার ওই গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহিন সাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মামুন আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১২ এপ্রিল) বিকাল থেকে মাহিন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশের একটি আবর্জনার গর্তের কাছে মাহিনের স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। পরে গর্তে তল্লাশি চালিয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পিতা মামুন আলী জানান, রবিবার বিকালে মাহিন খেলাধুলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, এরপর আর ফিরে আসেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির পাশের গর্ত থেকেই তার মরদেহ পাওয়া যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলাধুলার সময় অসাবধানতাবশত গর্তে পড়ে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।
✍️ প্রতিবেদক:
মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

0 Comments