👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৬:১০ পিএম | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে কলেজ রোডস্থ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডন। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, সহ-সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, কার্যকরী সদস্য আবুজার বাবলা, মামুন আহমেদ, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি রুবেল আহমেদ এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চুসহ আরও অনেকে।
এ সময় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন মানবাধিকার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী এবং অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) টিআইবির যুগ্ম আহ্বায়ক মসুদ হোসেনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান দীর্ঘদিন ধরে প্রতারণা, জালিয়াতি ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। তার এসব অপকর্মের প্রতিবাদ করলেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দিয়ে সমালোচকদের হেয়প্রতিপন্ন করেন।
তারা আরও জানান, সাংবাদিক এহসান বিন মুজাহির তার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রায় ছয় মাস পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৌলভীবাজার আদালতে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। বক্তারা দাবি করেন, দলীয় পরিচয় ব্যবহার করে আলতাফুর রহমান স্থানীয় সাধারণ মানুষ ও প্রশাসনিক কর্মকর্তাদেরও হয়রানি করে আসছেন, অথচ এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের অবস্থান সংবিধানসম্মত এবং রাষ্ট্র স্বীকৃত। মামলা দিয়ে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না।
মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আলতাফুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জানান, “শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য, সচেতন নাগরিক এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।
✍️ প্রতিবেদক:
অন্তর মিয়া, শ্রীমঙ্গল প্রতিনিধি

0 Comments