👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:১৫ এএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে কৃষকদের নিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ও উচ্চ ফলনশীল ধান উৎপাদন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় কৃষকদের আধুনিক চাষাবাদ, নিরাপদ কীটনাশক ব্যবহার ও অধিক ফলন নিশ্চিতের নানা দিক তুলে ধরা হয়।
সোমবার (১১ মে) দুপুরে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সীডের ডিলার ও বিশিষ্ট ব্যবসায়ী দবিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সীড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস অফিসার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম।
এসময় আরও বক্তব্য দেন এসিস্ট্যান্ট সেলস অফিসার রাকিবুল ইসলাম এবং স্থানীয় কীটনাশক, বীজ ও সার বিক্রেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ।
কর্মশালায় কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কম খরচে ও কম রাসায়নিক প্রয়োগে অধিক ফলন পাওয়া সম্ভব। তিনি হাইব্রিড-১০ ধান ছাড়াও ভুট্টা, আলু, করলা, মিষ্টিকুমড়া ও বিভিন্ন সবজির উন্নত জাত চাষাবাদের কলাকৌশল তুলে ধরেন।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে অনেক কৃষক বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। তাই কৃষিতে বায়ো-পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব বাড়ছে। তিনি ব্র্যাকের বায়ো-পেস্টিসাইড পণ্যের সুফল ও ব্যবহারবিধি সম্পর্কে কৃষকদের ধারণা দেন।
মাটির গুণাগুণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মাটির পিএইচ মান ৫.৫ থেকে ৭.৫ এর মধ্যে থাকলে সেই জমিতে ভালো ফলন পাওয়া যায়। পাশাপাশি মাটিতে পর্যাপ্ত জৈব উপাদান ও গ্যাসের উপস্থিতি নিশ্চিত করার পরামর্শও দেন তিনি।
কর্মশালায় ৫৭ জন প্রান্তিক কৃষক অংশ নেন। শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে ব্র্যাকের হাইব্রিড-১০ ধানের বীজ বিতরণ করা হয়।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ