Ticker

6/recent/ticker-posts

রাজশাহীতে লিচুর অস্বাভাবিক দাম

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ৪ মে ২০২৬, ১১:৩৫ এএম | অনলাইন সংস্করণ




মৌসুমের শুরুতেই রাজশাহীতে লিচুর দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। অতিরিক্ত খরা, তীব্র গরম ও কম ফলনের কারণে বাজারে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে জনপ্রিয় এই মৌসুমি ফল এখন সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

নগরীর তালাইমারী এলাকার দিনমজুর রহিম মিয়া পরিবারের জন্য লিচু কিনতে বাজারে গেলেও দাম শুনে হতাশ হয়ে ফিরে আসেন। তিনি জানান, দিনে ৬০০ টাকা আয় করে একশ লিচু ৫০০ টাকায় কেনা তার পক্ষে সম্ভব নয়। “লিচু কিনলে সংসারের নিত্যপ্রয়োজনীয় বাজার করা কঠিন হয়ে যাবে,”—বলেন তিনি।

এমন চিত্র শুধু রহিম মিয়ার নয়; নিম্ন ও মধ্যম আয়ের আরও অনেক মানুষের একই অবস্থা।

নগরীর সাহেববাজার এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রতি পিস লিচু ৫ থেকে ৬ টাকা দরে বিক্রি হচ্ছে। সে হিসেবে প্রতি ১০০ লিচুর দাম দাঁড়াচ্ছে প্রায় ৫০০ থেকে ৬০০ টাকা, যা গত বছরের তুলনায় অনেক বেশি। আকার ও মানভেদে দামের কিছুটা পার্থক্য থাকলেও সার্বিকভাবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

নগরীর শিরোইল এলাকার বাসিন্দা পারভেজ বলেন, “লিচু এখনো পুরোপুরি পাকা হয়নি, কিন্তু দাম অনেক বেশি। একশ লিচু কিনতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ৫০টি লিচু আড়াইশো টাকায় কিনতে হয়েছে।”

বিক্রেতারা জানান, দীর্ঘ সময় বৃষ্টির অভাব ও তীব্র তাপদাহের কারণে লিচুর উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক লিচু পরিপক্ব হওয়ার আগেই ফেটে গেছে, ফলে বাজারজাতযোগ্য ফলের পরিমাণ কমে গেছে।

সাহেববাজারের লিচু বিক্রেতা হায়দার আলী বলেন, “আগে দিনে প্রায় ৫ হাজার লিচু বিক্রি করতাম, এখন ২ হাজার বিক্রি করতেই কষ্ট হচ্ছে। পাইকারি বাজারেও লিচু কম পাওয়া যাচ্ছে, তাই দাম বেশি।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফল উৎপাদনে অনিশ্চয়তা বাড়ছে। রাজশাহীর মতো লিচু উৎপাদন এলাকায় খরা ও অতিরিক্ত তাপমাত্রা অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদন আরও কমে যেতে পারে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, “লিচু এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি। বাজারজাত করতে আরও ১৫-২০ দিন সময় লাগবে। মৌসুমের শুরু হওয়ায় দাম বেশি, তবে সরবরাহ বাড়লে দাম কমে আসবে।”

তিনি আরও জানান, এ বছর খরা ও অতিরিক্ত তাপমাত্রার কারণে কিছুটা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে লিচু চাষের আগ্রহ বাড়ছে।


✍️ প্রতিবেদন:

মো: গোলাম কিবরিয়া

রাজশাহী জেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮