👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ মে ২০২৬, ০৯:১৪ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিশু রাসিমা হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তি (এনসিপি) বালিয়াডাঙ্গী উপজেলা শাখা। একইসঙ্গে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা এবং আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদও জানানো হয় কর্মসূচিতে।
শুক্রবার (২২ মে) বাদ জুমা বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, শিশু রাসিমার নির্মম হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি (এনসিপি) বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আহ্বায়ক জুহাইদ আল ফুয়াদ, সদস্য সচিব মোঃ আবু কাসেম চৌধুরী, মুখ্য সংগঠক ফকরুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া এবং যুব শক্তি (এনসিপি) ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রোমান বাদশা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ