👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:১২ পিএম | অনলাইন সংস্করণ
নীলফামারীর জলঢাকায় চিকিৎসার নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত কথিত কবিরাজ সুনীল চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। গণমাধ্যমে তার অপকর্মের খবর প্রকাশিত হওয়ার পর প্রশাসনের বিশেষ তৎপরতায় তাকে আইনের আওতায় আনা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চেরাঙ্গা সতিঘাট গোদর বাজার এলাকার বাসিন্দা সুনীল চন্দ্র দীর্ঘদিন ধরে গ্রাম্য ডাক্তার ও কবিরাজি চিকিৎসার আড়ালে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি মানসিক চিকিৎসার কথা বলে অসহায় নারীদের প্রলুব্ধ করে অনৈতিক সম্পর্ক স্থাপন ও শারীরিক শোষণ চালাতেন।
সর্বশেষ এক তরুণীর সঙ্গে অনৈতিক ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুনীলকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে আগেও একটি ধর্ষণ মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
বিতর্কিত এই কবিরাজ গ্রেফতার হওয়ার খবরে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ জানায়, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।
✍️ প্রতিবেদক:
সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ

0 মন্তব্যসমূহ