Ticker

6/recent/ticker-posts

বিভ্রান্তিকর সংবাদের জেরে বালিয়াডাঙ্গীতে জ্বালানি সংকট

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৬:০৫ পিএম | অনলাইন সংস্করণ



ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের জেরে বিপাকে পড়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জ্বালানি ব্যবসায়ী আশরাফ আলী। এর প্রভাব পড়েছে পুরো উপজেলায়—পেট্রোল ও অকটেনের সরবরাহে দেখা দিয়েছে সংকট।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশরাফ আলীর ছেলে সুমন অভিযোগ করেন, একটি বেসরকারি টেলিভিশন ও কয়েকটি গণমাধ্যম ডিজেল ক্রয়-বিক্রয়ের তথ্য ভুলভাবে উপস্থাপন করেছে। এতে জ্বালানির পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এবং ডিপো কর্তৃপক্ষ সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

তিনি জানান, দীর্ঘদিন ধরে পদ্মা অয়েল কোম্পানির এজেন্ট হিসেবে তার বাবা এলাকায় জ্বালানি সরবরাহ করে আসছেন। সম্প্রতি প্রশাসনের সাথে সমন্বয় করে কৃষকদের স্বার্থে বিপুল পরিমাণ ডিজেল বিতরণ করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একাধিকবার পেট্রোল ও অকটেন বিক্রিও করা হয়েছে।

তবে গণমাধ্যমে ডিজেলের তথ্যকে পেট্রোল ও অকটেন হিসেবে দেখানো হয়েছে বলে দাবি করেন তিনি। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে।

সুমন আরও অভিযোগ করেন, কিছু সংবাদে তাদের নিজস্ব পরিবহনকে ভিন্নভাবে উপস্থাপন করা এবং একটি চলমান প্রতিষ্ঠানকে অস্তিত্বহীন বলা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি এসব প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় জ্বালানির বড় অংশই আশরাফ আলীর মাধ্যমে সরবরাহ হতো। বর্তমান পরিস্থিতিতে কৃষি ও পরিবহন খাতে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮