👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰 প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৫:২০ পিএম | অনলাইন সংস্করণ
সামাজিক উন্নয়ন, মানবসেবা ও প্রজন্ম গঠনের প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সদস্যদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকাল ১০টায়
জগদল গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা মিলিত হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সদস্যরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন, যা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় বক্তারা বলেন, "এসো মানবতার কল্যাণে কাজ করি, মিলে মিশে সুন্দর সমাজ গড়ি"— এই মূলমন্ত্রকে ধারণ করে প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুরু করে শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা এবং যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা। ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের জন্য বিভিন্ন আকর্ষণীয় আয়োজন করা হয়। সবাইকে স্মারক হিসেবে চাবির রিং প্রদান করা হয়। পাশাপাশি লটারির মাধ্যমে ১০ জন সদস্যকে বিশেষ পুরস্কার দেওয়া হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। এছাড়াও সদস্যদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা সদস্যদের জন্য মানসম্মত নাস্তা ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করেন। দিনব্যাপী এ আয়োজনে সদস্যরা পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২৭ মে সংগঠনের উদ্যোগে প্রজন্ম পাঠাগার-এর শুভ উদ্বোধন করা হয়েছে। পাঠাগারটি স্থানীয় শিক্ষার্থী, পাঠক ও তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাঠাগার উদ্বোধনের ধারাবাহিকতায় ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন সংগঠনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
অনুষ্ঠান শেষে সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের বিশ্বাস, মানবিক মূল্যবোধ, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও সমৃদ্ধ গ্রাম গঠনে প্রজন্ম ওয়েলফেয়ার ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
নিজস্ব প্রতিবেদক | মো. মাসুম রানা

0 মন্তব্যসমূহ