Ticker

6/recent/ticker-posts

পিতার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি সুজন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৭:৪৫ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজন তার প্রয়াত পিতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নিতে ৭ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।

শনিবার (৩০ মে) দুপুরে দিনাজপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে তাকে বালিয়াডাঙ্গী উপজেলার নিজ বাড়ির উদ্দেশে আনা হয়। দুপুর প্রায় ১টা ২০ মিনিটে তিনি উপজেলার গোয়ালকারী ডাঙ্গী বাজার এলাকার পারিবারিক বাসভবনে পৌঁছালে স্থানীয় লোকজন ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তাকে একনজর দেখতে বাড়ির সামনে ভিড় জমায় অনেকে।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় মাঠে মরহুম দবিরুল ইসলামের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

এরপর মরদেহ পারিবারিক কবরস্থানে নেওয়া হলে বড়বাড়ী বটেরহাট এলাকায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানা গেছে, দবিরুল ইসলাম দীর্ঘ রাজনৈতিক জীবনে ঠাকুরগাঁও-২ আসনের প্রতিনিধিত্ব করে টানা সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দাফন কার্যক্রম শেষে প্যারোলে মুক্তি পাওয়া সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুনরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুর কারাগারে ফিরিয়ে নিয়ে যান।

স্থানীয়ভাবে দবিরুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮