👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় দগ্ধ অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারী মোছা. নাসিমা (৩৫)। তিনি রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল্লার দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ফাজিলপুর গ্রামের একটি নির্জন স্থানে দগ্ধ অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে হরিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিক তদন্তে ঘটনাটির প্রকৃত কারণ নিশ্চিত হওয়া না গেলেও মরদেহের অবস্থা ও ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন আলামতের ভিত্তিতে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু,স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ