👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:১৪ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা এলাকায় মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে জুয়েল রানা নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে আল মামুন জীবন-কে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক আল মামুন জীবন বালিয়াডাঙ্গী থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১১ মে পুলিশের অভিযানে ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী এলাকার বাসিন্দা জুয়েল রানাকে গাঁজাসহ আটক করা হয়। পরে পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠায়। ওই অভিযানের খবর ও ছবি স্থানীয় কয়েকটি অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
সাংবাদিক আল মামুন জীবন জানান, সংবাদ প্রকাশের পর মঙ্গলবার দুপুরে জুয়েল রানা তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদিন বলেন, এর আগেও জুয়েল রানা ও তার সহযোগীরা একটি সংবাদ ফেসবুক থেকে সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করেছিলেন। বিষয়টি প্রেস ক্লাব নেতাদের জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার নিন্দা জানিয়ে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সংবাদ প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে পারে বলেও তিনি সতর্ক করেন।
এ বিষয়ে বুলবুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বলেন— মাদকবিরোধী কার্যক্রমে সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করছে। অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলায় যুবদলের একাধিক পক্ষ সক্রিয় থাকলেও কোনো গ্রুপই জুয়েল রানাকে তাদের সক্রিয় নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ