👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ
নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা পর্যায়ের বিজ্ঞান উদ্ভাবনী মেলা ও ইনোভেশন আইডিয়া শোকেসিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনের সমাপনী পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি) এর আওতায় মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা, প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ, মাদ্রাসা সুপারিনটেনডেন্ট আব্দুস সোবহান এবং প্রভাষক সাদেকুল ইসলাম।
মেলায় উপজেলার ১০টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ, প্রযুক্তি, কৃষি এবং দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানভিত্তিক নানা প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলো ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
দিনব্যাপী আয়োজন শেষে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ