Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গীতে ইউএনও’র স্বাক্ষর জালিয়াতির অভিযোগ, তদন্তে নেমেছে প্রশাসন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম | অনলাইন সংস্করণ


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের নামে জিআর চাল বরাদ্দের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হারুন অর রশিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ২১ মে ২০২৫ তারিখে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে এতিম শিক্ষার্থীদের খাদ্য সহায়তার জন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দের একটি প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। অভিযোগকারীদের দাবি, ওই প্রস্তাবে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের নাম পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে এবং এ কাজে ইউএনও’র স্বাক্ষর জাল করা হয়েছে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া বা অযোগ্য প্রতিষ্ঠানের নামে বরাদ্দ আদায়ে সক্রিয় রয়েছে। এর ফলে প্রকৃত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে হাফেজ হারুন অর রশিদ বলেন, “ইউএনও’র স্বাক্ষর জালিয়াতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

বালিয়াডাঙ্গী জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ ইসমাইল হোসেন এবং মাদ্রাসা প্রধান আব্দুল হামিদ অভিযোগ করেন, শর্তসাপেক্ষে সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। তবে এসব অভিযোগের সত্যতা প্রশাসনের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া বাকি।

অভিযোগকারী বড়পলাশবাড়ী ইসলামিক আলিম মাদ্রাসার অধ্যক্ষ কুসুমউদ্দীন বলেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং প্রকৃত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে। তার স্বাক্ষর জালিয়াতির ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮